ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল আবু সাঈদের
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু সাঈদ (৪৬) নামে ইউনিয়ন বিএনপি নেতা মারা গেছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গী আমিনুল রহমান ওরফে রিপন হাজী (৪৭)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খড়িয়া পাথরঘাটা দুর্গামন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলাগাছে ধাক্কা খেয়ে পরে যান দুজন। ঘটনাস্থলেই মারা যান আবু সাঈদ। নিহত আবু সাঈদ সদর উপজেলা রাজাগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গুরুতর আহত রিপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
রুহিয়া থানার ওসি একে এম নাজমুল কাদের বলেন, আবু সাঈদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

