মতলব উত্তর প্রতিনিধি:
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মেহেদী হাসান।
রবিবার (১০ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ, দখলবাজ, বালুখেকো ও মাদক কারবারিদের দলে স্থান নেই। তারই ধারাবাহিকতায় আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, মতলবের মেঘনা নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেন, তাদের জন্য কোনো ছাড় নেই। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা কঠোরভাবে পালন করব।
তিনি আরও বলেন, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময়ে বালুকাটা অব্যাহত ছিল। তবে গত ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে নদীতে বালু উত্তোলন বন্ধ রয়েছে। মতলবের সীমানায় যাতে কোনো প্রকার বালু কাটতে না পারে, সেজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মেঘনা নদী রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
এসময় ইউপি সদস্য সাইদুর রহমান সিপলু’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেন প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান।

