মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের সদর উপজেলায় নিজ শোয়ার ঘর থেকে নাজমুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালাকুড়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত নাজমুল ইসলাম ওই এলাকার নজরুল ইসলামের নাতি। জন্মের পর থেকেই তিনি নানার বাড়িতে বসবাস করতেন। নাজমুল খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। সংসারে অভাব-অনটনের কারণে লেখাপড়ার পাশাপাশি দিনমজুরের কাজ করতেন।
পরিবারের দাবি, নাজমুল আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি। পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কলহের বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
কুড়িগ্রাম থানার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।’
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়দের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত হবে না।’

