তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ উল্লেখ করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, “শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেকবান করে ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে, প্রযুক্তির সঙ্গে নিজেকে এগিয়ে নিতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নৈতিকতাকে ধারণ করতে হবে।”
তিনি বলেন, “একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন পরিবর্তন করেন না; তিনি একটি পরিবার, সমাজ এবং একটি প্রজন্মকে পরিবর্তন করার শক্তি রাখেন।”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চিত্রা মহিলা ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্রীদের ক্লাস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য হেলাল আরও বলেন, “চিত্রা মহিলা ডিগ্রি কলেজের জাতীয়করণ এবং ডিগ্রি পর্যায়ের এমপিওভুক্তির বিষয়টি এই অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ ধরনের উদ্যোগের ফলে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার আলো ছড়িয়ে পড়বে। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে খুলনা-৪ আসনের জনগণের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও এলাকার উন্নয়নের বিষয়গুলো সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
কলেজের এই অগ্রযাত্রাকে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল আখ্যা দিয়ে তিনি আরও বলেন, “চিত্রা মহিলা ডিগ্রি কলেজের এই অগ্রযাত্রা কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার অর্জন নয়। এটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সবার প্রচেষ্টার ফসল। তাই এই অর্জনকে আরও অর্থবহ করে তোলা আমাদের দায়িত্ব।”
শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনারা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেবেন না; শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে, আত্মবিশ্বাসী হতে এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখাবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, হয়তো তোমাদের মধ্য থেকেই কেউ ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, প্রশাসক, উদ্যোক্তা, গবেষক কিংবা দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তোমাদের প্রত্যেকের মধ্যেই সেই সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগানোর দায়িত্ব তোমাদেরই।”
তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “চিত্রা মহিলা ডিগ্রি কলেজ শুধু ফলাফলের দিক থেকেই নয়—শিক্ষার মান, শৃঙ্খলা, নৈতিকতা, সংস্কৃতি, ক্রীড়া এবং সৃজনশীলতার ক্ষেত্রেও যেন একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে, সম্মানের সঙ্গে এবং আত্মবিশ্বাস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।”
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (খুলনা অঞ্চল) উপ-পরিচালক ড. এস এম সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—কলেজ গভর্নিং বডির সদস্য সরদার আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রবিউল হোসেন, কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ এবং ছাত্রী সুমাইয়া বিনতে আরিফ।

