ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক

প্রতিবেদক
Sagar Chandra
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

রাতের অন্ধকারে মশালের আলো জ্বলেছিল সড়কে। সেই আলো নিভে যাওয়ার পর মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। আর এর পরদিন রাতেই বদলগাছীতে আটক হলেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মী।

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের অভিযোগকে কেন্দ্র করে দুই তরুণকে আটক করে মারধর করে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের এক নেতাকেও আটক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় ইমরান হোসেন (২১) ও আরিফ হোসেন (২৩) নামে দুইজনকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহসভাপতি এস এম মনিরুল ইসলাম সাজু (৪৫) আটক হন।

আটক ইমরান হোসেন উপজেলার পিন্ডিরা গ্রামের হঠাৎপাড়া এলাকার রফিকুল হোসেনের ছেলে এবং আরিফ হোসেন সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁরা ছাত্রলীগের কর্মী-সমর্থক বলে স্থানীয়ভাবে জানা গেছে। অপর আটক এস এম মনিরুল ইসলাম সাজু বদলগাছী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং উপজেলা যুবলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে বদলগাছী থানার পাশেই ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল করেন। ওই মিছিলের একটি ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার দৃশ্য রয়েছে বলে স্থানীয়রা জানান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ২০শে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বদলগাছী থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ইমরান ও আরিফ কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল করে আসছিলেন। গত শুক্রবারের মিছিলের ভিডিও তাঁরা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। তাঁদের কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ার জন্য আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

তাঁর দাবি, ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগও রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলের বিষয়টি এলাকায় উত্তেজনা তৈরি করেছে। এর জেরেই ওই দুই তরুণকে আটক করা হয়ে থাকতে পারে।

আটকের সময় মারধরের অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কোনো মন্তব্য করেননি। তাঁদের দাবি, ব্যক্তিগত বিরোধের কারণে নয়, মশাল মিছিল ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাওয়ার জন্য তাঁদের আটক করা হয়েছিল।

বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ইমরান হোসেন ও আরিফ হোসেন নামে দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশের বিশেষ অভিযানে এস এম মনিরুল ইসলাম সাজু নামের আরও একজনকে আটক করা হয়েছে।

Don`t copy text!