উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় গভীর রাতে সড়কে দড়ি টাঙিয়ে পথচারীদের সর্বস্ব লুটে নেওয়ার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতু এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তিরা ওই এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— নওগাঁর পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের নাইম মাহমুদ (১৯) ও সমনগর গ্রামের মোস্তাকিম (১৯)।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়মিত টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাটিয়ান্দর সেতুর নিকটবর্তী এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী সড়কে দড়ি বেঁধে পথচারীদের গতিরোধ করে ডাকাতির অপচেষ্টা চালাচ্ছে।
সংবাদ পেয়ে ডিবি পুলিশের টিমটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে পাশের জঙ্গলে আত্মগোপনের চেষ্টা করে। এ সময় পুলিশ পিছু ধাওয়া করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে আসামিদের তল্লাশি চালিয়ে দেলোয়ারের কাছ থেকে একটি খাঁজকাটা তীক্ষ্ণ হ্যান্ডেল চেইন, নাইমের কাছ থেকে অপর একটি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের শপিং ব্যাগ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২৫ ফুট লম্বা একটি দড়ি ও ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত নিবন্ধনহীন মোটরসাইকেলটি আলামত হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অপরাধমূলক তৎপরতা নির্মূলে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

