মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মুক্তিযুদ্ধের এক বীর সেনানীকে চিরবিদায় জানানো হয়েছে। নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মন্দিশেরখামার এলাকার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭৩) আর নেই। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর সোমবার (২১ সেপ্টেম্বর) নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তাঁর এই প্রয়াণে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কমান্ডো সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার সকাল ১১টায় মরহুমের বাসভবন প্রাঙ্গণে প্রথম ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নাগেশ্বরী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জানাজা শেষে বাংলাদেশ সরকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বজন ও এলাকাবাসী শ্রদ্ধাবনত চিত্তে উপস্থিত ছিলেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় সুধীজন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রবীণ এই বীর যোদ্ধার প্রয়াণে নাগেশ্বরীবাসী মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী প্রত্যক্ষ প্রজন্মের আরও একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল।

