মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নূর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফসারের ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায় এবং এটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

