উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজন প্রতারককে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুলশিক্ষকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পূর্বপরিচয় ছিল নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ী পূর্বপাড়ার মৃত হামিদুর রহমানের স্ত্রী মোছাঃ চামেলী আক্তার মিলির (৪৫)। গত ২৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে মিলি জরুরি কথা বলার অজুহাতে ওই শিক্ষককে নওগাঁ শহরে তার বাসায় ডেকে পাঠান।
শিক্ষকটি সরল বিশ্বাসে মিলির বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে আটকে মারধরের হুমকি দেয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ৩০০ টাকার সাদা স্ট্যাম্প এবং দুই লাখ টাকার চেকে জোরপূর্বক স্বাক্ষর রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষকের অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ মামলা রুজু করে বিরামহীন অভিযান পরিচালনা করে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর তিন আসামিরা হলেন:
- মোঃ রাকিব হাসান (২৯), পিতা- মোঃ নান্টু প্রামাণিক, সাং- বেড়াহাসন, পোস্ট- সাহাগোলা, থানা- আত্রাই, জেলা- নওগাঁ।
- মোঃ সোহরাব হোসেন (২৬), পিতা- মোঃ সেকান্দর আলী, সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ।
- মোঃ নাঈম হোসেন (২৫), পিতা- মোঃ সামসুল ইসলাম, সাং- ফুটানিগঞ্জ, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আন্তঃজেলা এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে, এমনকি আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

