রতন মালাকার, সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র-জনতা।
বুধবার দুপুরে সাপাহার থানা কার্যালয়ে নবাগত ওসি শাহীন রেজাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তাঁকে স্বাগত জানিয়ে সাপাহার থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।
নবাগত ওসি শাহীন রেজা বলেন, “আমাকে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। দায়িত্ব বুঝে পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ কাজে সবার সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্ভয়ে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে সাপাহার থানা পুলিশ কাজ করবে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।”
এ সময় সাপাহার থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

