উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
নওগাঁয় ভূমি সেবা নিয়ে অসন্তোষের জেরে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক সেবাগ্রহীতা ওই কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার লাশ আমি বিলের পানিতে ভাসিয়ে দেব’। একই সঙ্গে তিনি কর্মকর্তার চলাচলের ওপর নজর রাখারও কথা বলেন।
গত সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কালিতলা এলাকায় অবস্থিত নওগাঁ পৌরসভা ও চণ্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভাইডিও ফুটেজে দেখা যায়, নামজারির নথি হাতে সাদা পাঞ্জাবি ও টুপি পরিহিত অবস্থায় মোস্তাফিজুর রহমান নামের এক সেবাগ্রহীতা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন মোস্তাফিজুর রহমান।
ভিডিওতে মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, ‘কাগজপত্র না দেখে আপনি আমার খারিজ বাতিল করলেন কেন? এর আগেও একবার বাতিল করেছিলেন। সেটা ফেরত আনতে লেগেছে ১৫ দিন।
এর জবাবে ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘তিন মাস হলো আইডিতে আছে। দাগ সংশোধন করে নিয়ে আসেন। আমি বলেছি দিয়ে দেব।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আরও উত্তেজিত হয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংশোধন করে নিয়ে আসব কিন্তু তার আগেই আপনি বাতিল করলেন কেন? আপনি কি খালি হাতে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন? আমার ক্ষতি করে যেতে পারবেন? আপনার লাশ দিঘলীর বিলে ভাসিয়ে দেব। সেটা চ্যালেঞ্জ করলাম। কীভাবে অফিস থেকে বাড়িতে যান, সেটি দেখে নেব।
সরকারি অফিসে ঢুকে একজন সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে হত্যার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটা হুমকি নয়, সবার সামনে বলছি। আমি এটা করে দেখাব। এরপর আমার যা হয় হবে।
নিজের ক্ষোভের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘গত ১৮ মে একটি জমির নামজারি (খারিজ) করার জন্য আবেদন করেছিলাম। প্রথমে আবেদনটি বাতিল করা হয়। এরপর পুনরায় আবেদন করলেও সেটিও বাতিল করা হয়। এভাবে আমাকে বারবার হয়রানি করেছেন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম।
মোস্তাফিজুর রহমানের এসব অভিযোগের বিষয়ে জানতে গত মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দুবলহাটি-শৈলগাছী ও শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি ভূমি সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম। এসংক্রান্ত বিষয়ে কথা বলতে সহকারী কমিশনারের (ভূমি) নিষেধ রয়েছে বলেও জানান তিনি। ওইদিন সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পরবর্তীতে গত বুধবার (১৯ আগস্ট) দুপুরে অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আপস-মীমাংসা করেছেন এবং হুমকিদাতা ওই ব্যক্তি ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

