উজ্জ্বল কুমার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজারের এসিআই রাইস মিলের অনিয়ম ও খামখেয়ালিপনায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। মিল কর্তৃপক্ষের আইন অমান্য করে প্রধান সড়কে ট্রাক পার্কিং এবং পরিবেশ দূষণের কারণে এলাকাটি এখন জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সড়কে অবৈধ ট্রাকের মেলা ও দুর্ঘটনার ঝুঁকি
স্থানীয়রা জানান, রাইস মিলটির নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন প্রধান সড়কের ওপর সারিবদ্ধভাবে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়। মিলের মালামাল লোড-আনলোডের জন্য রাস্তার বড় একটি অংশ দিন-রাত ২৪ ঘণ্টা ট্রাকের দখলে থাকে।
এ কারণে সরস্বতীপুর বাজারে তীব্র যানজট লেগেই থাকে। বিশেষ করে রাস্তার মোড়গুলোতে ট্রাক দাঁড় করিয়ে রাখায় চালকরা বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পান না, ফলে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষের চলাচলের পথ এখন অনেকটা ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।
ছাই ও গুঁড়োর তাণ্ডবে স্বাস্থ্যঝুঁকি
শুধু সড়ক দখলই নয়, মিলের বর্জ্য ও ছাই ব্যবস্থাপনার চিত্র আরও ভয়াবহ। মিল থেকে নির্গত কুচকুচে কালো ছাই এবং ধানের গুঁড়ো সরাসরি উন্মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলে পুরো সরস্বতীপুর বাজারসহ আশপাশের বসতবাড়িতে প্রতিনিয়ত ছাইয়ের আস্তরণ জমা হচ্ছে।
এই দূষিত বাতাসে শ্বাস নেওয়ায় এলাকার শিশু ও বৃদ্ধরা মারাত্মক শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া বাজারের খোলা খাবার ও দোকানপাটের মালামাল নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়দের ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ভুক্তভোগীদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষের কোনো অভিযোগই তারা তোয়াক্কা করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঘরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারি না, আবার রাস্তায় বের হলে দুর্ঘটনার ভয় থাকে।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তার ওপর অবৈধ ট্রাক পার্কিং বন্ধ করে মিলের নিজস্ব জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। এছাড়া আধুনিক ফিল্টার ব্যবহার করে বাতাসে ছাই ও গুঁড়ো ছড়ানো বন্ধ করতে হবে।
স্থানীয় সচেতন মহল এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও ট্রাফিক পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তারা এবং এলাকাবাসী যেকোনো সময় কঠোর আন্দোলনের ডাক দিতে পারেন বলে জানিয়েছেন।

