সাগর চন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা এম. জাকির হোসেন। বাংলাদেশ কমিউনিটি, আজমান-এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র কমিউনিটি লিডার মোস্তফা মাহমুদ।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি কর্মীর পাশাপাশি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটির সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় কনসাল জেনারেলসহ অন্যান্য বক্তারা সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান ও স্থানীয় রীতিনীতি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে প্রবাসীদের সচেতন করা হয়। এছাড়া কনস্যুলেটের পক্ষ থেকে প্রবাসীদের জন্য বিদ্যমান বিভিন্ন কনস্যুলার সেবা এবং প্রবাসী কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী প্রবাসী কর্মীরা ভিসা-সংক্রান্ত জটিলতা, কনস্যুলার সেবার মান উন্নয়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখেন এবং তাদের মতামত তুলে ধরেন। কনসাল জেনারেল ও উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ দিকনির্দেশনা প্রদান করেন।
সভার শেষে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এবং বাংলাদেশ কমিউনিটি, আজমান-কে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

