মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি
ইতালির রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আন্তর্জাতিক ট্রাভেল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘পপুলার ট্রাভেল’-এর নতুন হেড অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মি. সাতিয়া রদ্রিগো, পপুলার ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন যৌথভাবে ফিতা কেটে নতুন হেড অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় পপুলার ট্রাভেলের পরিচালক মামুন আলম, খাজা সাহাল আবদুল্লাহ ও ইফাত ফরাজী, ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর ফরাজী এবং পরিচালক ড. আনোয়ার ফরাজী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স, ইতালির বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
দুই দশকেরও বেশি সময় ধরে সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের সঙ্গে আন্তর্জাতিক মানের ভ্রমণসেবা প্রদান করে আসছে পপুলার ট্রাভেল। বাংলাদেশ, ইতালি ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান টিকিট ও ট্রাভেল সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় সেবার পরিধি বাড়াতে রোমে এই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন হেড অফিস প্রতিষ্ঠা করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে পপুলার ট্রাভেলের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, এখন থেকে প্রবাসীদের জন্য ভ্রমণ বীমা (Travel Insurance), হোটেল বুকিং এবং বিভিন্ন দেশের ভিসা সহায়তা সংক্রান্ত পরামর্শ প্রদান আরও সহজতর করা হবে। এছাড়া, গ্রাহকদের সুবিধার্থে একটি ২৪/৭ কাস্টমার সাপোর্ট হটলাইন এবং অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে, যা ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভ্রমণ পরিকল্পনাকে আরও নির্ভুল ও সাশ্রয়ী করবে। প্রতিষ্ঠানটির এই আধুনিকায়ন মূলত প্রবাসীদের জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি বড় উদ্যোগ।
আন্তর্জাতিক ট্রাভেল খাতে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ পপুলার ট্রাভেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালি রুটে টানা ১২ বছর ‘শীর্ষ বিক্রয়কারী’ (Best Seller) ট্রাভেল এজেন্সি হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের ২০২৪–২০২৫ সালের “Best Agency Award” লাভসহ টার্কিশ এয়ারলাইন্স ও সৌদিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের কাছ থেকেও প্রতিষ্ঠানটি একাধিক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছে।
অনুষ্ঠিত বক্তব্যে অতিথিরা বলেন, আন্তর্জাতিক মানের সেবা, পেশাদার ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার প্রতি অবিচল অঙ্গীকারের কারণেই পপুলার ট্রাভেল আজ ইতালিতে এশিয়ান কমিউনিটির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পপুলার ট্রাভেল কর্তৃপক্ষ জানায়, নতুন হেড অফিসের উদ্বোধন প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই কার্যালয়ের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করার পাশাপাশি ইউরোপজুড়ে কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে তাদের।

