মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ জুলাই ২০২৬) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বলদিপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আবু সাইয়েদের মৃত্যু হয় এবং কিছুক্ষণ পর রাবেয়া বেগমেরও মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

