তেরখাদা (খুলনা) প্রতিনিধি :
দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট। জাপানের ‘অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ (OSA)-এর আওতায় প্রাপ্ত এই বোটগুলো গত বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এই পাঁচটি উচ্চগতিসম্পন্ন পেট্রোল বোট সংগ্রহের লক্ষ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এবং পরবর্তী সময়ে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের এগুলো পরিচালনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
বোটের বৈশিষ্ট্য ও কার্যকারিতা:
প্রতিটি বোট ১৬.১৫ মিটার দীর্ঘ, ৩.৫৩ মিটার প্রশস্ত এবং ১৩.৫ টন ধারণক্ষমতাসম্পন্ন। সর্বোচ্চ ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এই বোটগুলো কম গভীরতাসম্পন্ন জলপথেও অনায়াসে চলাচল করতে পারে। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ ও দুর্গম নৌপথে টহল অভিযান, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, মানবিক সহায়তা এবং দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে বোটগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
এই OSA প্রকল্পটি বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

