উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৩০০ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার শিবরামপুর গ্রামের আব্দুল লতিফ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধারকৃত সার সরকারি অনুকূলে জব্দ করেন এবং সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অবৈধভাবে মজুদ করার অপরাধে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে সারের বিশাল মজুদ গড়ে তুলেছিলেন এবং কালোবাজারির মাধ্যমে তা কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন। প্রশাসনের এই অভিযানে এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

