উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিপ-২ মৌসুমে ৬ হাজার ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) মহাদেবপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮- নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের উৎপাদন খরচ কমানো, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আবাদযোগ্য জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের রোপা আমনের আবাদ বিবেচনায় উপজেলার ৫ হাজার ৩০০ জন কৃষককে উফশী রোপা আমন চাষের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উফশী রোপা আমনের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।
ইউনিয়নভিত্তিক রোপা আমনের উপকারভোগী কৃষকের সংখ্যা হলো মহাদেবপুর ৪৭০ জন, হাতুড় ৬৩০ জন, খাজুর ৫৩০ জন, চান্দাশ ৪২০ জন, রাইগাঁ ৫৩০ জন, এনায়েতপুর ৫৫০ জন, সফাপুর ৪১০ জন, উত্তরগ্রাম ৪৩০ জন, চেরাগপুর ৩৭০ জন এবং ভীমপুর ৪৬০ জন।
এছাড়া হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার ১১০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হবে। প্রত্যেক কৃষক ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং বালাইনাশক বাবদ ১২০ টাকা করে সহায়তা পাবেন।
গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সাত ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এ খাতে একজন কৃষক প্রায় ১ হাজার ৫৭০ টাকা ৭৫ পয়সা মূল্যের কৃষি উপকরণ বিনামূল্যে পাবেন।
শাক-সবজি প্রণোদনায় ইউনিয়নভিত্তিক উপকারভোগীর সংখ্যা মহাদেবপুর ৮০ জন, হাতুড় ৮০ জন, খাজুর ৭০ জন, চান্দাশ ৭০ জন, রাইগাঁ ৫০ জন, এনায়েতপুর ৮০ জন, সফাপুর ৮০ জন, উত্তরগ্রাম ৭০ জন, চেরাগপুর ৫০ জন এবং ভীমপুর ৭০ জন।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করা, খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং কৃষকের আর্থিক সক্ষমতা জোরদার করা।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ইউনিয়নভিত্তিক তালিকা অনুযায়ী নির্বাচিত কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে।

