নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সড়কের পাশ থেকে আক্তারুজ্জামান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী সড়কের আইসাতলা এলাকায় স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত আক্তারুজ্জামানের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখেন। তবে রাতের অন্ধকারে তিনি কীভাবে ওই স্থানে এলেন এবং মৃত্যুর কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

