সাগর চন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট (VAT) ও নতুন করপোরেট ট্যাক্স আইন যথাযথভাবে অনুসরণ না করায় অনেক ব্যবসায়ী বড় অঙ্কের জরিমানার ঝুঁকিতে পড়ছেন। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এ ধরনের ঝুঁকি থেকে রক্ষা এবং নতুন কর ব্যবস্থার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে রাস আল খাইমাহর হিলটন গার্ডেন ইন হোটেলে ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’ ও ‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’-এর যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে আমিরাতে আসন্ন ই-ইনভয়েসিং ব্যবস্থা, ভ্যাট কমপ্লায়েন্স, করপোরেট ট্যাক্স এবং ব্যবসায়িক কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ ও রাস আল খাইমাহ থেকে বিপুলসংখ্যক ব্যবসায়ী, সিইও, ব্যবস্থাপনা পরিচালক, অর্থ ব্যবস্থাপক ও হিসাবরক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, আমিরাতে বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক কর ব্যবস্থা ও আইন সম্পর্কে সচেতনতা ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি সফলতার জন্য অত্যন্ত প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এবং কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। তারা কর আইন মেনে ব্যবসা পরিচালনা ও ভবিষ্যতের জটিলতা এড়াতে ব্যবসায়ীদের নিয়মিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সেমিনারে ‘ইজি অ্যাকাউন্টিং সল্যুশনস’-এর ব্যবস্থাপনা পরিচালক সুমনা রহমান এবং ‘জি স্প্রিঙ্ক আইটি সল্যুশনস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজ উল আলম ই-ইনভয়েসিং, ERP সফটওয়্যার ও ডিজিটাল হিসাব ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হিসাবরক্ষণ ও কর ব্যবস্থাপনা ব্যবসার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা এ ধরনের সময়োপযোগী আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রবাসী ব্যবসায়ীদের জন্য এমন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

