ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমে অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ১৫, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, চট্টগ্রাম

​চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমে প্রয়াত জনবান্ধব সমাজসেবক, বর্ষীয়ান আইনজীবী ও সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণে বিশেষ পূজা, ভোগ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​দিনব্যাপী এ আয়োজনে সেবাশ্রমের ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী, এলাকাবাসী এবং পরৈকোড়া, আনোয়ারা ও চট্টগ্রাম দক্ষিণ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি বক্তারা প্রয়াত এই ব্যক্তিত্বের কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সনাতনী সমাজের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের নানা দিক তুলে ধরেন।

​স্মরণসভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শম্ভুনাথ চক্রবর্তী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর প্রয়াণে শুধু পরৈকোড়া বা আনোয়ারা নয়, সমগ্র চট্টগ্রাম একজন প্রজ্ঞাবান, সাহসী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারাল। সনাতনী সমাজের অধিকার আদায় এবং বিভিন্ন সামাজিক আন্দোলনে তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর।”

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দক্ষিণ জেলা চট্টগ্রামের সহ-সভাপতি শ্যামল চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক কাঞ্চন চক্রবর্তী, পরৈকোড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি মিলন রায় চৌধুরী, কমিটির সদস্য অজিত দাশ, ভবতোষ চক্রবর্তী, মানু চক্রবর্তী, লিটন ভট্টাচার্যসহ আরও অনেকে।

​বক্তারা স্মৃতিচারণ করে বলেন, জীবনের শেষ সময় পর্যন্ত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী সমাজ সংস্কার ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সক্রিয় ছিলেন। মানুষের যেকোনো প্রয়োজনে তিনি ছিলেন নির্ভরযোগ্য আশ্রয়। তাঁর চেম্বার ছিল সাধারণ মানুষের আস্থা ও আইনি পরামর্শের অন্যতম কেন্দ্র।

​প্রয়াত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র প্রকৌশলী প্রান্তিক চক্রবর্তী এবং ভ্রাতুষ্পুত্র অ্যাডভোকেট চন্দন চক্রবর্তী তাঁর জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি প্রজ্ঞা ও নৈতিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

​অনুষ্ঠানের শুরুতে বেদপাঠ এবং ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন পারিজাত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসীম চক্রবর্তী। স্মরণসভা শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা হরিপদ চক্রবর্তীর আদর্শ ও মানবসেবার চেতনাকে ধারণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Don`t copy text!