যীশু সেন, চট্টগ্রাম:
মানবিক চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের বিকাশের মধ্য দিয়েই একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সমাজের প্রতিটি স্তরে মানবিকতার আলো ছড়িয়ে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গত ১২ জুন চট্টগ্রাম মহানগরীর তাসফিয়া গার্ডেনে ‘দেবীপক্ষ সনাতনী পরিবার’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ধর্মীয় বক্তা, প্রাবন্ধিক ও কলামিস্ট রূপম চক্রবর্ত্তী এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সিনিয়র এডমিন বাবুল দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডেন্টাল সার্জন ডা. অরুণ মণ্ডল, চট্টগ্রাম আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিজিৎ রায় পুলক, কাদেনা স্পোর্টসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক রবিন দে অমল এবং অ্যাডহেশন গ্রুপ লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক উজ্জ্বল চক্রবর্ত্তী।
গ্রুপ এডমিন মিশন চৌধুরী ও মিশন মজুমদারের যৌথ সঞ্চালনায় সভায় সংগঠনের এডমিন ও মডারেটরদের মধ্যে বক্তব্য রাখেন মলি বিশ্বাস, প্রিয়াঙ্কা দাশ, মেরী চক্রবর্ত্তী, নবনীতা দাশ, শাপলা চৌধুরী মুন্নী, নারায়ণ ঘোষ, কান্তা মুখার্জি, স্বর্ণালী চক্রবর্ত্তী, প্রীতি রক্ষিত, মিশুক ভৌমিক, শিবলু শর্মা ও মিষ্টি সরকার।
বক্তারা বলেন, সনাতনী সমাজের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। প্রতিষ্ঠার পর থেকে দেবীপক্ষ সনাতনী পরিবার সৌহার্দ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে। এ ধরনের মিলনমেলা সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মকে নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সনাতনী সমাজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন— সিংহ দুয়ার, সনাতনী প্রিয়মুখ, মুক্তধারা, গল্প কুটির, বন্ধুত্বের মিলনমেলা এবং মনোহর গ্রুপকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। উৎসবমুখর এই আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

