ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
Sagar Chandra
জুন ৯, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

​কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়কের নকশা প্রণয়নে দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। এই দাবিতে মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এক ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘উলিপুরের ভুক্তভোগী জনগণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন গওছল আজম মিঠু, আব্দুর রহমান, মোজাম্মেল হক, শামছুল ইসলাম, সাইফুল আখতার, হাফিজুর রহমান, সেলিম, কামাল ইদ্রিস ও আলমগীর হোসেনসহ স্থানীয় ভুক্তভোগী ব্যক্তিবর্গ।

​বক্তারা অভিযোগ করেন, বাইপাস সড়কের স্থান নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণের নিয়ম থাকলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তা পুরোপুরি উপেক্ষা করে গোপনে নকশা প্রণয়ন করেছে। তারা দাবি করেন, একটি অসাধু সিন্ডিকেট সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বাইপাস সড়কের সম্ভাব্য রুটের বিভিন্ন স্থানে আগে থেকেই জমি কিনেছে। সেখানে নামমাত্র ও অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি ক্ষতিপূরণের অর্থ লোপাটের পায়তারা করছে ওই চক্রটি।

​ভুক্তভোগীদের অভিযোগ, এসব স্থাপনার সঙ্গে কোনো সড়ক সংযোগ না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইপাস সড়কটিকে ওই স্থাপনাগুলোর পাশ দিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের জমি ও বসতবাড়ি চরম হুমকির মুখে পড়েছে।

​এছাড়া বক্তারা উল্লেখ করেন, সাধারণত যানজট এড়াতে বাইপাস সড়কের সংযোগস্থল বাজার এলাকা থেকে দূরে রাখার নিয়ম থাকলেও, উলিপুরের আমিন মোড় সংযোগটি বাজারের অত্যন্ত কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। এটি কার্যকর হলে ভবিষ্যতে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাবে। নকশা অনুযায়ী প্রস্তাবিত এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, শতাধিক দোকানপাট এবং ৭০টির বেশি বসতবাড়ি রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে জনস্বার্থে নকশা পরিবর্তনের দাবি জানান। পাশাপাশি, দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তারা।

Don`t copy text!