সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ নূর নবীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ইমামসহ দুজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাফেজ নূর নবীর পারিবারিক জমি পরিমাপ করা হচ্ছিল। পরিমাপ শেষে আমিনকে (জমি মাপার কারিগর) পারিশ্রমিক দেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একই এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন ক্ষিপ্ত হয়ে একটি সিমেন্টের খুঁটি দিয়ে নূর নবীর মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় বাবাকে বাঁচাতে গেলে নূর নবীর ছেলে ফরহাদকেও (১৯) মারধর করা হয়, এতে তার চোখে গুরুতর আঘাত লাগে।
আহতদের প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নূর নবীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
আহত ইমামের স্ত্রীর অভিযোগ, জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে রিয়াজ এর আগেও একাধিকবার তাদের ওপর হামলা করেছেন এবং দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিয়ে আসছেন। অভিযুক্ত রিয়াজের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিরও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত রিয়াজ হোসেন দাবি করেন, তিনি কোনো আঘাত করেননি। কথা-কাটাকাটির সময় ইমাম নিজেই পড়ে গিয়ে বাঁশের সাথে আঘাত পেয়েছেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

