উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া-কলমুডাঙ্গা সীমান্তে নারী ও শিশুসহ মোট ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে ফেরত) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করে। পরে গভীর রাতে সাপাহার সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী চক চকির বিলের লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। ওই ১৭ জন নাগরিক সারা রাত ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমোহনী এলাকায় এসে আশ্রয় নেন।
ভোরবেলা স্থানীয়রা তাদের দেখে বিজিবির কলমুডাঙ্গা ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। পরে তাদের পুশব্যাক করার উদ্দেশ্যে সীমান্তের ২৩৭ নম্বর পিলারের জিরো লাইনে নিয়ে যাওয়া হয়। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবি সদস্যদের পুশব্যাক প্রক্রিয়ায় বাধা প্রদান করে।
বর্তমানে ওই ১৭ জন নাগরিক (৫ শিশু, ৬ নারী ও ৬ পুরুষ) সীমান্তের জিরো লাইনে আটকা পড়ে আছেন। এ পরিস্থিতি মোকাবিলায় বিজিবি নওগাঁ ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিএসএফ-এর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
সীমান্তবর্তী এলাকায় এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিরো লাইনে উভয় বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

