যীশু সেন, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমে প্রয়াত সমাজসেবক, আইনজীবী ও সংগঠক অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর স্মরণে বিশেষ প্রার্থনা, ভোগ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) আয়োজিত এই কর্মসূচিতে সেবাশ্রমের ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি প্রয়াত এই ব্যক্তিত্বের কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও সমাজকল্যাণমূলক অবদানের ওপর আলোকপাত করা হয়।
স্মরণসভায় বক্তাদের স্মৃতিচারণ
স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী ছিলেন এক দূরদর্শী, সাহসী ও মানবিক নেতৃত্বের অধিকারী। সমাজ, ধর্ম ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। তিনি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ন্যায় ও মানবকল্যাণের পক্ষে দৃঢ় অবস্থান নিতেন।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সন্তোষ দাশ এবং সেবাশ্রমের প্রতিষ্ঠালগ্নের অন্যতম ব্যক্তিত্ব মিলন সেন। তাঁরা বলেন, সেবাশ্রমের বিকাশ ও পরিচালনায় অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা সংকট ও প্রতিকূলতায় তিনি সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে সেবাশ্রমকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছেন।
এ ছাড়াও স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট চন্দন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্তী এবং নীলকান্ত দাশ বিষু। বক্তারা বলেন, অগ্নিগর্ভ সময়ে এবং প্রতিকূল সামাজিক-রাজনৈতিক পরিবেশে তিনি প্রজ্ঞা ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। একজন আইনজীবী ছাড়াও সমাজনেতা ও সংগঠক হিসেবে তিনি ছিলেন সবার শ্রদ্ধাভাজন।
সাংস্কৃতিক ও ধর্মীয় পরিবেশনা
অনুষ্ঠানের সাংস্কৃতিক ও ধর্মীয় পর্বে স্বপন ভট্টাচার্যের ভক্তিমূলক গান এবং কাজল দে’র বেদবাক্য পাঠ এক গভীর আধ্যাত্মিক আবহ তৈরি করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রণব দাশ গুপ্ত।
বক্তারা আরও উল্লেখ করেন, “জীবে প্রেম করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর”—এই মহান আদর্শকে অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী নিজের জীবনাচরণে ধারণ করেছিলেন। মানুষের কল্যাণে নিবেদিত তাঁর জীবনদর্শন আজও সকলের জন্য অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানের শেষে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

