সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, “ব্যক্তিগতভাবে আমরা অনেকেই নিজেদের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি। তবে কোনো অবস্থাতেই যেন জনগণের হক নষ্ট না হয়। জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।”
শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি বীথিকা বলেন, “আমরা নিজেরা ব্যবসা-বাণিজ্য করে অর্থনৈতিক উন্নয়ন করবো, এতে কোনো বাধা নেই। তবে সরকারিভাবে জনগণের জন্য যে বরাদ্দ আসবে, তা সম্পূর্ণভাবে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। বিশেষ করে নারীদের সচেতনতামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সহযোগিতা আরও বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আবগানী, মো. রেদোয়ান হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবির, নুর আলম, করিম মেম্বার, ডা. আবু নুর সোহাগ, ফখরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

