আমিরাত প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এর আলকুজ লেবার ক্যাম্প এলাকায় প্রবাসী বাংলাদেশিদের জন্য “গুড লাইফ ডকুমেন্টেশন ক্লিয়ারিং সার্ভিস” নামে নতুন একটি সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
জানা গেছে, দুবাইয়ের আলকুজ লেবার ক্যাম্প এলাকায় প্রায় তিন লাখ শ্রমিক বসবাস করেন। এতদিন ভিসা প্রসেসিং, আইডি কার্ড নবায়ন, মেডিকেল ফিটনেসসহ বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত কাজের জন্য শ্রমিকদের দেরা বা বার দুবাইয়ের সেবা কেন্দ্রে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই ভোগান্তিতে পড়তেন তারা।
এই সমস্যা সমাধানে কয়েকজন প্রবাসী বাংলাদেশি সরাসরি লেবার ক্যাম্প এলাকায় সেবা কেন্দ্রটি চালু করেন। ফলে এখন স্থানীয় শ্রমিকরা সহজেই প্রয়োজনীয় ডকুমেন্টেশন সেবা গ্রহণ করতে পারবেন।
গুড লাইফ ডকুমেন্টেশন ক্লিয়ারিং সার্ভিসের সিইও মোজাম্মেল হোসেন বলেন, “আগে শ্রমিকদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরে গিয়ে সেবা নিতে হতো। এখন এই কেন্দ্র তাদের জন্য অনেক স্বস্তির জায়গা হয়ে উঠবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে নুসরাত ফারিয়া প্রবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় প্রবাসীরা ভিসা বন্ধসংক্রান্ত জটিলতার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

