মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
চলতি অর্থবছরে কুড়িগ্রাম জেলা পরিষদের আওতায় এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) ও রাজস্ব খাতের আর্থিক অনুদানের অংশ হিসেবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকল্পে ১ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
চেক বিতরণকালে জেলা পরিষদের পদস্থ কর্মকর্তা, কর্মচারী এবং অনুদানপ্রাপ্ত মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, এদিন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মন্ডলপাড়া দাখিল মাদ্রাসা এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নূর হুদা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এই অনুদানের চেক গ্রহণ করেন। অনুদান পেয়ে সংশ্লিষ্ট মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
”বর্তমান সরকার কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের সীমাবদ্ধতার মধ্যেও জেলার সকল ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।”

