মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
আজ মঙ্গলবার (১৯ মে) গ্রেফতারকৃত ওই নারীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানার মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমিন আক্তার যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

