মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
“নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি, প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে টেকসই বিনিয়োগ জোরদার করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় একটি র্যালি শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে এবং সিআইপিআরবি (CIPRB) ও ইউএনএফপিএ (UNFPA) বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।
জেলা এসআরএইচআর (SRHR) কো-অর্ডিনেটর ডা. ফাইজুর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন:
- মো. মোজাম্মেল হক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ।
- ডা. মো. নিসর্গ মেরাজ, আবাসিক মেডিকেল অফিসার, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল।
- মো. আবু বকর সিদ্দিক, এমওসিএস।
- নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং ভায়া (VIA) ইনচার্জ নাসিমা বেগম ও ডিপিএইচএন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি প্রতিরোধযোগ্য সমস্যা হলেও অসচেতনতা, দেরিতে চিকিৎসা গ্রহণ এবং দক্ষ স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে অনেক নারী এখনও এই যন্ত্রণাদায়ক রোগে ভুগছেন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসব করানো এবং সময়মতো সঠিক চিকিৎসা সেবা প্রদান করা গেলে ফিস্টুলা পুরোপুরি নির্মূল করা সম্ভব। বক্তারা এ বিষয়ে সামাজিক কুসংস্কার দূরীকরণ, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ মায়েদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাপাইগো বাংলাদেশ ও সিআইপিআরবিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি নার্সরা উপস্থিত ছিলেন।

