উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় জেলা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ২১০ লিটার দেশীয় চোলাই মদ এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) বিকেলে ও সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্ধ্যার দিকে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের কুশাডাঙ্গা সরদারপাড়া গ্রামে অভিযান চালিয়ে টিপু সুলতান (৩০) নামে এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। টিপু সুলতান ওই গ্রামের মো. মোনতাজ আলীর ছেলে। অভিযানে তার বাড়ি থেকে ২১০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেলে পৃথক আরেকটি অভিযানে শহরের কোমাইগাড়ি মন্ডলপাড়া এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাপ্পি হোসেন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বাপ্পি ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

