স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান:
শিক্ষার্থীদের মাদক ও নেশামুক্ত থেকে আদর্শ চরিত্র গঠন এবং মেধার সর্বোচ্চ বিকাশ ঘটিয়ে দেশ ও জাতি গঠনে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। তিনি বলেন, “বর্তমান সরকার মেধার মূল্যায়নে প্রতিশ্রুতিবদ্ধ। অবহেলিত দাকোপ জনপদের উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।”
শনিবার (২ মে ২০২৬) সকালে চালনা পৌর মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘হীড বাংলাদেশ’-এর আয়োজনে শিক্ষাবৃত্তি প্রদান ও মাদক সচেতনতামূলক পটগান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু।
সংস্থার মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় ‘এমআরএ এমএফআই উচ্চশিক্ষা বৃত্তি’ প্রকল্পের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হীড বাংলাদেশের সহকারী পরিচালক (প্রশাসন) এস এম আব্দুছ ছালাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন:
- খুলনা মেডিকেল কলেজের কনসালটেন্ট ডাঃ মৃণাল কান্তি সানা ও ডাঃ অনিরুদ্ধ সরদার।
- দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান।
- চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেন ও সদস্য সচিব আল আমিন সানা।
- ডেল্টা লাইফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিষ কুমার মন্ডল।
এছাড়া আরও বক্তব্য দেন দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, হাশেম আলি শেখ, মহিবুর রহমান, সভানেত্রী অর্চনা মন্ডল এবং মেধাবী শিক্ষার্থী মাহফুজ মল্লিক ও প্রতিষ্ঠা হালদার।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও ক্রেস্ট তুলে দেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে মাদকবিরোধী ‘পটগান’ পরিবেশন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীড বাংলাদেশের উপ-পরিচালক (এমএফপি) অদ্বৈত কুমার বিশ্বাস।

