বাচ্ছু পাটোয়ারী কমল, মিরসরাই প্রতিনিধি:
“একটি সমাজ, রাষ্ট্র ও বিশ্ব বিনির্মাণে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে পুনর্গঠনে শ্রমিকদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন না করলে একটি রাষ্ট্র কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।”
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মিরসরাই পাইলট স্কুল মাঠে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এসব কথা বলেন। মিরসরাই উপজেলা শ্রমিক দল ও উপজেলা শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি নুরুল আমিন আরও বলেন, পৃথিবীর সকল আন্দোলন-সংগ্রাম সফল হয়েছে শ্রমিকদের সক্রিয় অংশগ্রহণে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকরা সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাদের ঘামেই দেশের উন্নয়নের জয়যাত্রা রচিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় শ্রমিকদের অধিকার আদায়ের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ছালেকের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী।
- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।
- উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার রুবেল, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ শ্রমিক ইউনিয়ন, ছাত্রদল, যুবদল ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

