মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দেশের জনপ্রিয় দৈনিক ‘দেশ রূপান্তর’-এর সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অতিথিবৃন্দ ও আলোচনা সভা
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের কুড়িগ্রাম প্রতিনিধি জুয়েল রানার সঞ্চালনায় জেলার বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
- ফজলে ইলাহি স্বপন (ইত্তেফাক), শ্যামল ভৌমিক (চ্যানেল আই), ইউনুস আলী (দীপ্ত টিভি), ওয়াহিদুজ্জামান তুহিন (ডিবিসি নিউজ), বাদশাহ সৈকত (সময় টিভি), আতাউর রহমান বিপ্লব (একুশে টিভি), জাহিদুল ইসলাম জাহিদ (এসএ টিভি), নাজমুল হোসেন (যমুনা টিভি), মিজানুর রহমান (জিটিভি), ফজলুল করিম ফারাজি (নাগরিক টিভি), সুজন মোহন্ত (সমকাল) এবং ফিরোজ আলম মনু (সকালের সময়)।
বক্তাদের অভিমত
আলোচনা সভায় বক্তারা বলেন, “দেশ রূপান্তর স্বল্প সময়ে পাঠকমহলে দারুণ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি সাধারণ মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরছে।” বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে পত্রিকাটি আরও গণমুখী হয়ে উঠবে এবং দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
আলোচনা সভা শেষে অতিথিরা আনন্দঘন পরিবেশে কেক কেটে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে পত্রিকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

