মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় শহরের একটি অভিজাত হোটেলে জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু) এবং যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা।
সভায় বক্তারা সাংগঠনিক কাঠামোর ওপর গুরুত্বারোপ করে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠন করা জরুরি। নেতৃবৃন্দ বিগত নির্বাচনের প্রেক্ষাপট টেনে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই বিএনপিকে পরাজয় বরণ করতে হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে জেলার ৯টি ইউনিটকে সুসংগঠিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের ইঙ্গিত দিয়ে নেতারা আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠীর নেতিবাচক প্রভাবের কারণে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই সব ভেদাভেদ ভুলে সাধারণ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচন ও দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় এবং মাঠ পর্যায়ে কার্যকর ত্যাগী নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
সভায় আসন্ন জেলা দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে বিভিন্ন উপকমিটি গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

