রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
”পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ অনুষ্ঠানের সভাপতি হিসেবে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
- সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান
- উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনিরুজ্জামান টকি
- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাইরুল ইসলাম
- উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন
- উপজেলা শিক্ষা অফিসার ওহেদুল্লাহ প্রামাণিক
এছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু, জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

