মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে গবাদিপশু, এয়ারগানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, জনস্বার্থে এবং সীমান্ত নিরাপত্তায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

