নিজস্ব প্রতিবেদক,
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর ১৪৩৩। গতকাল রবিবার (১৯ এপ্রিল) বিকেলে আজমানের একটি স্থানীয় রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্তমানে ২৬০০ সদস্য এবং ২৫ সদস্যের শক্তিশালী কার্যকরী পরিষদ নিয়ে গঠিত এই সংগঠনটি প্রবাসের মাটিতে বাঙালিয়ানা ও নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন করে। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবাসে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বাংলার ঐতিহাসিক বৈশাখী ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সভাপতি লাবন্য আদিল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, কার্যকরী সদস্য শারমিন রাখী,মারিয়ুম মুহাম্মদ, নাসরিন সুলতানা,নওরিন রিমা এবং উপদেষ্টা, ইয়াসমিন ইসলাম মেরুনা ও ফাতিমা আহাদসহ সংগঠনের অন্যান্য সাধারণ ও কার্যকরী সদস্যবৃন্দ।
নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ আর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকে। উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতেও প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐক্যের এই ধারা অব্যাহত থাকবে।

