উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের শিশুসহ চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি খাতুন (২৫), তাঁদের ৯ বছর বয়সী ছেলে পারভেজ ইসলাম এবং ৩ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পান। পরে ঘরের ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় ছেলে, ছেলের স্ত্রী ও নাতি-নাতনির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত শুরু করে।
নিহত পপি খাতুনের বাবা মোয়াজ্জেম হোসেন আহাজারি করে বলেন, “আমার মেয়ে, জামাই ও নাতি-নাতনিকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।”
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

