কুয়েত প্রতিনিধি:
কুয়েত থেকে একসঙ্গে ৩০ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়েত এয়ারলাইনসের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে।
একই দিনে পৃথক আরেকটি ফ্লাইটে মালয়েশিয়া থেকেও আরও দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আনা হয়েছে।
প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতগামী নিয়মিত ফ্লাইটগুলো একাধিকবার বাতিল হয়। ফলে মরদেহগুলো নির্ধারিত সময়ে দেশে আনা সম্ভব হয়নি এবং সেখানে একটি দীর্ঘসূত্রতা তৈরি হয়। পরবর্তীতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে সেগুলো দেশে ফিরিয়ে আনা হয়।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো বর্তমানে স্বজনদের কাছে হস্তান্তরের কাজ চলছে। দীর্ঘদিন অপেক্ষার পর প্রিয়জনের মরদেহ বুঝে নিতে বিমানবন্দরে এসে কান্নায় ভেঙে পড়েন শোকাতুর স্বজনরা।

