রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক কোষাধ্যক্ষ ও কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, আসামি আব্দুর রউফ সরকার লালমনিরহাট জেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ। তিনি দৈনিক জনকণ্ঠের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত থাকাকালে ২০২০ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছিলেন। ওই সময় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মাহিগঞ্জ কলেজের শিক্ষক ও মাছরাঙা টেলিভিশনের রংপুর প্রতিনিধি রফিকুল ইসলাম সরকার।
মামলার এজাহার অনুযায়ী, তৎকালীন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ প্রেসক্লাব ভবনের চতুর্থ ও পঞ্চম তলা নির্মাণ ব্যয়ের একটি হিসাব দাখিল করেন। পরবর্তীতে নবনির্বাচিত কমিটির নির্দেশে জেলা সমবায় কার্যালয় এবং বিভাগীয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিস কর্তৃক পৃথক অডিট পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, নির্মাণ ব্যয়ের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে ২৮ লাখ ২০ হাজার ৫১৩ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রেজাউল ইসলাম বাবু বাদী হয়ে মামলা (নম্বর-১৩৪৭/২৪) দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. ফিরোজ কবীর ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৩০ আগস্ট ২০২৫ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন।
রোববার আব্দুর রউফ সরকার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি রফিকুল ইসলাম সরকার শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মিন্নাৎ খানম মুক্তা বলেন, “পিবিআই তদন্তে আত্মসাতের প্রমাণ পাওয়ায় এবং চার্জশিট দাখিল হওয়ায় আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।”
এদিকে উত্তর বাংলা কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. শফিকুল ইসলাম নন্তু জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। দ্রুত পরিচালনা কমিটির সভা ডেকে বিধি অনুযায়ী অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

