মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে এখন মোটরসাইকেলের তেল চুরির হিড়িক পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বাইকাররা তাদের বাহনের জ্বালানি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে রামগঞ্জ উপজেলার সোনাপুর চৌরাস্তায় মোটরসাইকেলের ট্যাংকির লক ভেঙে তেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য বিল্লাল হোসেনের মোটরসাইকেলটি সোনাপুর চৌরাস্তা-চিতোষী সড়কের ডাক্তার কামালের চেম্বার ও আনিসের দোকানের পাশে রাখা ছিল। মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তরা সুকৌশলে মোটরসাইকেলের ট্যাংকির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ১৩ লিটার পেট্রোল চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী বিল্লাল হোসেন (বাবু) জানান, দিনের আলোতে জনাকীর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় তিনি হতবাক। তেলের বর্তমান সংকটে এই ক্ষতি তাকে বিপাকে ফেলেছে।
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দ্রুত এই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

