উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন দুর্গাপুর গ্রাম এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৫/৩-এস হতে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর গ্রামের পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৪,০০০ টাকা।
অভিযানের বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান:
“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ পারাপার রোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ দমনে আমাদের সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

