মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কৃষিজমিতে মাটি খননের সময় একটি পরিত্যক্ত মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির গভীরে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে খননকাজ বন্ধ করে দেন এবং বিষয়টি জমির মালিককে জানান।
পরবর্তীতে জমির মালিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পুরোনো গ্রেনেড বা মর্টারশেল। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় এটিতে মরিচা ধরে গেছে, তবে এটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি বর্তমানে থানা হেফাজতে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ (বোম্ব ডিসপোজাল) বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিশেষজ্ঞ দলটি থানায় এসে পৌঁছায়নি। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।

