ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে নিউমোনিয়ার প্রকোপ: শয্যা ও জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

প্রতিবেদক
Sagar Chandra
এপ্রিল ২, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাজুড়ে নিউমোনিয়া, জ্বর ও হামসহ বিভিন্ন শীতকালীন ও সংক্রামক রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিদিন পৌরসভাসহ ১০টি ইউনিয়নের অসংখ্য মানুষ, বিশেষ করে শিশুরা এসব রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছে। রোগীর চাপে ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম এখন হিমশিম অবস্থায়।
হাসপাতালের চিত্র: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই হাসপাতালে গতকাল ১লা এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ১১৯ জন রোগী ভর্তি ছিল। কাগজে-কলমে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত হলেও এখনো ৩১ শয্যার জনবল ও সরঞ্জাম দিয়েই চলছে এর কার্যক্রম। নির্ধারিত শয্যা না পেয়ে রোগীরা হাসপাতালের বারান্দা, সিঁড়ির পাশ এবং চলাচলের গলিতে অতিরিক্ত বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিতে আসছেন।
আক্রান্তের পরিসংখ্যান: হাসপাতালের পরিসংখ্যানবিদ গিয়াস উদ্দিন মানিক জানান, গত ২৫শে মার্চ প্রথম দুইজন শিশু নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়। এরপর থেকে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২৬শে মার্চ ৪ জন, ২৭শে মার্চ ৩ জন এবং ২৮শে মার্চ ১২ জন রোগী ভর্তি হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ জন নতুন রোগী নিউমোনিয়া নিয়ে হাসপাতালে আসছেন।
জনবল ও ব্যবস্থাপনা সংকট: ২০২২ সালের ডিসেম্বরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৫০ শয্যার কার্যক্রম চালুর নির্দেশ দিলেও প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে তীব্র জনবল সংকট বিরাজ করছে:
* সুইপার: ৫ জনের স্থলে আছেন মাত্র ১ জন।
* ওয়ার্ডবয় ও আয়া: ৫ জনের স্থলে আছেন মাত্র ২ জন।
* অন্যান্য: গাড়ি থাকলেও নেই চালক। মালি, মেকানিক ও নাইটগার্ডের পদ দীর্ঘদিন ধরে শূন্য।
* প্রশাসন: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন হিসেবে বদলি হওয়ার পর থেকে মূল পদটি বর্তমানে শূন্য রয়েছে।
ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন জানান, “অল্প সংখ্যক অফিস সহায়ক দিয়ে জরুরি বিভাগ ও টিকিট কাউন্টারের কাজ চালাতে হচ্ছে। প্রতিদিন নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ায় অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়ছেন। সীমিত জনবল নিয়ে আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়।”
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ৫০ শয্যার পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করে রামগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসাসেবা স্বাভাবিক করা হোক।

Don`t copy text!