সিরাজদিখানে সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট, জরিমানা ৪ হাজার টাকা
আরিফুল ইসলাম খান সিরাজদিখান প্রতিনিধ :
সিরাজদিখান, ২৮ মার্চ ২০২৬: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রসুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকা এবং কেয়াইল ইউনিয়নের নিমতলা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং নির্ধারিত সংখ্যার বেশি যাত্রী বহনের দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে দোষী সাব্যস্ত করা হয়। তারা সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৯(১)(চ) ধারা লঙ্ঘন করায় একই আইনের ৯২(১) ধারা অনুযায়ী মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় চালকদের সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও হালনাগাদকরণ এবং নিয়ম মেনে যানবাহন চালানোর বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

