ময়মনসিংহে আসন্ন অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘অষ্টমী স্নান’ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মার্চ, মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রোকনুজ্জামান রোকন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
সভায় স্নানোৎসবে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

