মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসন ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে অনুদান ও গবাদিপশু বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ভিক্ষাবৃত্তি নির্মূল করে সম্মানজনক জীবিকা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এজন্য ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা এবং সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আর মূসা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৪২টি অনগ্রসর পরিবার এবং ৪২ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩ জন ভিক্ষুকের মাঝে একটি করে ছাগল বিতরণ করা হয়, যা তাদের বিকল্প আয়ের পথ সৃষ্টি করবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভিক্ষাবৃত্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখবে এবং সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল করে তুলবে।

