বাইজিদ মন্ডল:-
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সমাজকল্যাণমূলক সংস্থা ‘মানবতা’-র উদ্যোগে এক বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বীরভূম জেলার সিউড়ির হাটজন বাজার এলাকায়।বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন অসহায়, অনাথ ও দুস্থ পরিবারের শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এই উদ্যোগটি বাস্তবায়িত হয় শারীরিক প্রতিবন্ধী সমাজসেবী জগন্নাথ মাহারা পরিচালিত ‘বিদ্যাসাগর মহাশয়ের পাঠশালা’-র সাথে যৌথ ভাবে বা সহযোগিতায়। নতুন পোশাকের পাশাপাশি শিশুদের জন্য ক্যাডবেরি ও টিফিনের ব্যবস্থাও করা হয়,যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে মানবতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য ডাঃ সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জগন্নাথ মাহারা, পাঠশালার শিক্ষিকা টুম্পা দে, আবিরা খাতুন, সোনালী খাতুনসহ অন্যান্যরা। সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান, বর্তমান সময়ে যখন সমাজে ধর্ম, জাত ও ভাষার বিভাজন তৈরির অপচেষ্টা দেখা যাচ্ছে, তখন জগন্নাথ মাহারার মতো একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, যিনি নিজে অমুসলিম হয়েও মুসলিম পরিবারের শিশুদের জন্য ঈদের পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছেন—তা নিঃসন্দেহে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। তিনি আরও বলেন, ভবিষ্যতে মানবতা সংস্থা বীরভূমে আরও বৃহত্তর সামাজিক কার্যক্রম গ্রহণের আশাবাদী। এদিকে, বীরভূম জেলার অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক জগন্নাথ মাহারা ‘মানবতা’ সংস্থা এবং সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং ভবিষ্যতে আরও অনেককে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। শেষে সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি সমাজের আরও সহৃদয় মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়, যাতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।

